জাতিসঙ্ঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলন (ইউএনকপস ২০২৬)-এ অংশ নিতে শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো: আব্দুল্লাহ আল-মামুনসহ অন্যান্য কর্মকর্তা।
আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বক্তব্য রাখবেন।
তাদের বক্তব্যে ভবিষ্যৎ জাতিসঙ্ঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসঙ্ঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব বৈঠকে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশী কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
ইউএনকপস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদান আরো জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।



