পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে

‘আমরা সাধারণত পুশ-ব্যাক করি না। তবে বিষয়টি হলো, যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন |সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা ব্যক্তিদের ‘পুশ ব্যাক’ করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

দেশে পুশ-ইন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশ-ব্যাক করা হবে কি না, এর জবাবে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা সাধারণত পুশ-ব্যাক করি না। তবে বিষয়টি হলো, যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।’

ভারতের কাছ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া গেছে, সে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এক দিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে, এটি আমরা প্রত্যাশা করি না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি- এভাবে দেয়াটা (ঠেলে পাঠানো) ঠিক না এটা আমরা তাদের বুঝাচ্ছি। আমরা বলছি যে আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (মানসম্মত পরিচালনা ব্যবস্থা) আছে। সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব। তারা তালিকা দিয়েছে। আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি।’

ভারতের সাথে সই করা চুক্তি পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময়ে হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের জানানো হয়েছে। তার মধ্যে চুক্তিগুলো দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা বিধান থাকে যে যেকোনো এক পক্ষ যদি আপত্তি করে, তবে বাতিল করা যাবে ইত্যাদি। আমরা বাতিল কোনোটিই করিনি। আমরা আসলে চাই যে নিয়ম অনুযায়ী সবকিছু এগিয়ে যাক।