রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো আজ রাত ৮টায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত ছয় নবজাতককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চায়নি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।
ময়নাতদন্ত না হলে মৃত্যুর প্রকৃত কারণ কিভাবে জানা যাবে জানতে চাইলে তিনি বলেন, ছোট ছোট শিশুর পারিবারিক ইমোশন এখানে জড়িত। যেহেতু পরিবারের পক্ষ থেকে লিখিত দেয়া হয়েছে, তাই লাশগুলো হরিপাল গুলুর কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের জন্য ময়নাতদন্তটা হলে ভালো ছিল। কিন্তু পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তা করা হয়নি। কিন্তু সিআইডির ক্রাইম সিন টিম ও ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এখান থেকে নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা ফরেন্সিক করার পর আমরা মৃত্যুর আসল কারণ আশা করি জেনে যাব।
এ ঘটনায় হাসপাতালের কেউ আটক আছে কিনা বা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব হবে তিনি বলেন, ডিএমপির রমনা মডেল থানায় একজন অভিভাবক একটি মামলা করছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখন পর্যন্ত ইনফরমালি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এখনো কাউকে আটক করা হয়নি। মামলাটা দায়ের সম্পূর্ণ হোক এরপর আমরা ফরমাল আইনি প্রক্রিয়ার দিকে অগ্রসর হব।
এর আগে, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এ ঘটনা ঘটে।



