সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ‘সরকারি ক্রয় আদেশ’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া সরকারি ক্রয় আদেশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। তাই সবাইকে এ ধরনের অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদফতরের নামে একটি তথাকথিত ‘সরকারি ক্রয় আদেশ’ প্রচার করা হচ্ছে, যেখানে ভারত থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে।
সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত এ সরকারি ক্রয় আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর। খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদফতর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ জারি করা হয়নি এবং এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কথিত পত্রটি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদফতরের ক্রয় প্রক্রিয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়।
এতে আরো বলা হয়, খাদ্য মন্ত্রণালয় অথবা খাদ্য অধিদফতরের যেকোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য শুধুমাত্র মন্ত্রণালয় ও অধিদফতরের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুয়া তথ্য প্রচার ও গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
সূত্র : বাসস



