ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হবে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ নামে একটি প্লাটফর্ম থেকে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।
পথ নির্দেশনা অনুযায়ী বাংলামোটর থেকে যাত্রীরা রমনা গেইট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট দিয়ে (মৎস্য ভবন হয়ে), জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে টিএসসি গেইট দিয়ে (দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে), নীলক্ষেত মোড় থেকে টিএসসি গেইট দিয়ে (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলে বিশেষ ছাড় দেয়া হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
সাধারণ দিকনির্দেশনায় বলা হয়-
১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সাথে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।
এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে যাচ্ছেন।



