সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

সংসদ ভবনের টানেলে এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করেন।

সংসদ ভবনের টানেলে এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পিকারের নির্দেশনা মোতাবেক মুসল্লিদের সুবিধার্থে ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর পরিবেশন করা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র : বাসস