সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

নয়া দিগন্ত অনলাইন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত |সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে আজ মন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীন ঘনিষ্ঠ বন্ধুদেশ বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং একইসাথে বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশ ও চীনের প্রাচীন সভ্যতার পারস্পারিক সাদৃশ্যের কথা উল্লেখ করে চীনের সাংস্কৃতিক সহযোগিতা ও অবদানকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী দুই দেশের মধ্যে শিল্পী ও সংগীত দল বিনিময়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতা কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কলার পারস্পরিক বিনিময় ও প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মতপ্রকাশ করেন।

এ সময় দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া উভয়পক্ষ ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময়, শিল্পকলা প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় সংস্কৃতি সচিব মো: মফিদুর রহমান ও চীন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস