জাতীয় পরিবেশ পদকে ভূষিত ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দিচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দিচ্ছেন |ইউএনবি

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণা-প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

পরিবেশ পদক-২০২৫ পেলেন যারা

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: হাসমত আলী, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো: মনির হোসেন এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।

প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিকে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টাস বিডি লিমিটেড, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিবেশ পদক পেয়েছে।

এছাড়া, বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সূত্র : ইউএনবি