রাজধানীর কয়েকটি এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এসব স্থানের আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



