আবু সাঈদ হত্যা মামলা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেফতার

‘আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।’

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার হওয়া বেরোবির সাবেক ভিসি অধ্যাপক মো: হাসিবুর রশীদ
গ্রেফতার হওয়া বেরোবির সাবেক ভিসি অধ্যাপক মো: হাসিবুর রশীদ |সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেজবাহ উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজাপ্রাপ্ত আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট ভিসি পদ থেকে পদত্যাগ করেন তিনি।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

ওই দিন ভিসি হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার।

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি। চলতি বছরের ৯ এপ্রিল এ মামলায় রায় হয়। রায়ে এ মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। এর মধ্যে অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগে, গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।