জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নবনির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরস্থানে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

অনলাইন প্রতিবেদক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের কবরে শ্রদ্ধা জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরস্থানে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।

এ সময় নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মির্জা ফখরুল হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের কবরে বহুবার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

এদিকে, এই প্রবীণ রাজনীতিবিদ আজ সন্ধ্যায় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫টি ভোট পান এবং অলি আহমদ পান ৮৮টি ভোট।

মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন।

ভোট দিতে না আসা এই ছয়জন ভোটার হলেন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ড. মুহাম্মদ ওসমান ফারুক, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো: অলি উল্লাহ।

ওই ‍দিন রাতেই নির্বাচন কমিশন (ইসি) মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট জারি করে। ইউএনবি