পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান চালাবে, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। এ বিষয়ে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।
ব্রিফিংকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো: নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাসস



