প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের আগ্রহের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল (Joris van Bommel)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একইসাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সামরিক সরঞ্জামের ব্যবহার এবং কারিগরি প্রশিক্ষণে নেদারল্যান্ডসের সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে বাংলাদেশ নৌ-বাহিনীর আধুনিকায়নে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধিতে সম্ভাব্য সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ নৌ-বাহিনীর জন্য দেশীয় শিপইয়ার্ডে আধুনিক যুদ্ধজাহাজ ও নৌ-যান নির্মাণে যৌথ সহযোগিতা, কারিগরি সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের আগ্রহের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।