রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৭ জন। আর নিহতদের বেশিভাগই শিশু-কিশোর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত একটি তালিকায় এ তথ্য ওঠে এসেছে।
এতে উল্লেখ করা হয়েছে, টেলিফোনিক বার্তার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ তালিকা করা হয়েছে।
এ তথ্য অনুযায়ী, আহত ৫৭ জনের মধ্যে ৪১ জনই শিক্ষার্থী। এদের মধ্যে ৩৮ জনের বয়স ১৫ বছরের কম এবং বাকি তিনজনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। অর্থাৎ, আহতদের বেশিভাগই অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী।
অন্যদিকে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচয় ও বয়স শনাক্ত করা গেছে এমন ১৮ জন শিক্ষার্থীর সবার বয়সই ১৫ বছরের নিচে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীর সংখ্যাই বেশি, তাদের সংখ্যা ৩৬। এছাড়া ১০ বছরের কম বয়সী শিক্ষার্থীর সংখ্যা ২১ জন।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। এর পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। সেদিনই তার প্রথম সলো ফ্লাইট উড্ডয়ন ছিল। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।
ঘটনার পরদিন মঙ্গলবার বেলা ২টার পর আইএসপিআর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। ওই সময় পর্যন্ত তারা আহতের সংখ্যা জানিয়েছে অন্তত ১৬৪ জন।



