জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে আজ সকাল সাড়ে ৭টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সাধারণ মানুষসহ নানা শ্রেণির মুসল্লিরা এতে অংশ নেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই জামাতে অংশ নেন। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এছাড়া প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসলমানরা।

ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন তৈরি হয়।