মালয়েশিয়াগামী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্ক করল সরকার

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্টদেরও সতর্ক করে বলা হয়, সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে না। এ ছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট করানো কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন, চুক্তি বা প্রক্রিয়ায় অংশ নেয়া থেকে বিরত থাকতে হবে। একই সাথে কর্মী পাঠানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মেডিক্যাল পরীক্ষা করানো বা এ-সংক্রান্ত কোনো অর্থ পরিশোধ না করারও নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্টদেরও সতর্ক করে বলা হয়, সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সাথে চুক্তিবদ্ধ হতে পারবে না। এ ছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্ট করানো কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মালয়েশিয়ায় কর্মসংস্থান-সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য জানাতে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া এ-সংক্রান্ত তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সাথে টেলিফোন (+০২-৪১০৩০২৪১), মোবাইল (০১৭১৬০৪৮১১৫) অথবা ই-মেইল ([email protected])-এ যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।