মিরপুরে দেয়াল ধসে আরো একজনের মৃত্যু, নিহত ৩

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল হাসপাতাল
ঢাকা মেডিক্যাল হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে বিউটি বেগম (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরে দেয়াল ধসের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বিউটি বেগমকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তিনি টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিউটি বেগম ঘটনাস্থলের পাশেই ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। প্রতিদিনের মতো দেয়ালসংলগ্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির ট্রাক অবস্থান করছিল। এ সময় নিম্নআয়ের অনেক মানুষ পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়লে বেশ কয়েকজন চাপা পড়েন।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত অন্য দুইজন হলেন নাছিমা বেগম (৪৪) ও মো: ফিরোজ (৪৩)। নাছিমা বেগম রাজধানীর মিরপুরের ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা ছিল মিরপুর-১-এর জনতা হাউজিং রোড এলাকায়। আর ফিরোজ মিরপুর-১-এর নবাবের বাগ শাহ আলীবাগ এলাকার বাসিন্দা।

দেয়াল ধসের পর স্থানীয়রা ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত আরো কয়েকজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।