খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ উদ্বেগের সাথে জানিয়েছেন, ‘চট্টগ্রাম বন্দরের বিদেশী তত্ত্বাবধানে দেয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অন্তর্বর্তী সরকারের জন্য সুস্বাগতম হবে না।’
তারা এ বিষয়ে সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে দেশীয় লোকবল দিয়েই বন্দরের বর্তমান সঙ্কট সমাধান সম্ভব, যদি প্রশাসন দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারে।
বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ আরো বলেন, কক্সবাজার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরটি দ্রুত নির্মাণ সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরের সঙ্কট অধিকতর সমাধান হবে।
বৈঠকে বলা হয়, ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোড়াছুড়ে হতাশাজনক।’ এতে পতিত স্বৈরাচার ও তার দোসরদের জন্য লাভবান হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
নেতাদের আহ্বান, সকলের মধ্যে সহনশীলতা বজায় রাখতে হবে এবং সরকারকে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচনের জন্য মৌলিক সংস্কার সম্পন্ন করে একটি রোডম্যাপ ঘোষণার উদ্যোগ নিতে হবে।
তারা উল্লেখ করেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার এবং গণ-অভ্যুত্থানের পক্ষে সকল শক্তির প্রতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’
বৈঠকে বর্তমান বাজেটে দেশের আকাশ প্রতিরক্ষা জোরদার এবং সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবিও জানানো হয়।
এছাড়াও, কোরবানি পশু ও চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
বিশেষ করে, বৈঠকে নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ মন্তব্য করেন, ‘এই কমিশন ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে।’ তারা বিতর্কিত এই কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি জানান, কারণ এটি বাংলাদেশের পরিবার ও সমাজ ব্যবস্থায় মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
বৈঠকে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, নুর হোসেন, আবুল হোসেন, আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি



