ঈদের ছুটিতে নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদের চিকিৎসার যাবতীয় দায়ভার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বহন করবে।
রোববার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডিএসসিসি’র বৈদ্যুতিক লাইনম্যান সালাউদ্দিন আহমেদকে দেখতে গিয়ে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করতে প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’
ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নম্বর ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে, তিনি মাথা ও হাতে মারাত্মক আঘাত পান।
পরিদর্শনকালে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যেই কাজ শুরু করেছে জানিয়ে আব্দুস সালাম বলেন, ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য আমরা জরিপ চালাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিদর্শনকালে প্রশাসক আহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বাসস



