মধ্যরাতে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

সোমবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী |সংগৃহীত

ওয়ান ইলেভেনের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটির মতো মামলা আছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি ওয়ান ইলেভেনের পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পরে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন এবং বিজয়ী হন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তিন দফায় তার মেয়াদ বৃদ্ধি করে। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।