জাতীয় সংসদকে আরো কার্যকর করা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে মতবিনিময় করেছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ মতবিনিময় হয়।
বৈঠকে সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত সংলাপ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এছাড়া তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা ও সংসদে কার্যকর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আইপিইউর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া ও সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।



