দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে রাজধানীতে মোবাইল কোর্ট চালিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি বিভাগ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যালোচনা এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে কি না তা তদারকির জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন ও তালুকদার ফিলিং স্টেশন, কল্যাণপুরের মোহনা ফিলিং স্টেশন, গাবতলীর শাহনাজ ফিলিং স্টেশন, এসপি ফিলিং স্টেশন, ডেনসো ফিলিং স্টেশন ও আল-মাহমুদ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সকল নিয়ম মেনে সরবরাহ চালু রয়েছে।
অন্যদিকে কল্যাণপুরের সাহিল ফিলিং স্টেশন ও সোহরাব সার্ভিসেস ফিলিং স্টেশন, গাবতলীর কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন এবং দারুস সালামের খালেক ফিলিং স্টেশন ড্রাই (তেলশূন্য) অবস্থায় পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৮ মার্চ জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ডিসিদের (জেলা প্রশাসক) মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয় সরকার। এরপর থেকেই নিয়মিতভাবে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করছে জ্বালানি বিভাগ। বাসস



