শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী

মব মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে বাংলাদেশ গড়াতে বাধা হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দেবে, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। তাই মব কালচার থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
সাংবাদিকদের সাথে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি |ইউএনবি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।

আজ শনিবার সকাল ৮টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সংসদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। সেখানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। ‘হ্যাঁ’ শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে।

মব সংস্কৃতির বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মব কালচার থেকে সরে আসা উচিত। মব মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে বাংলাদেশ গড়াতে বাধা হতে পারে। যারা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দেবে, তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। তাই মব কালচার থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ আরো অনেকে।

সূত্র : ইউএনবি