ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো: কোহিনূর মিয়াকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে পুনর্বহাল করেছে সরকার। একইসাথে বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোহিনূর মিয়ার বিরুদ্ধে রুজু করা দু’টি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের করা দু’টি ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরে তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন।
এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।



