ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৫০ আসনের মধ্যে ৪৯ জনকে বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবেন। একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণে আদালতের আদেশের কারণে সেটির সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো: মঈন উদ্দিন খান।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক ব্রিফিং এ তিনি এই তথ্য দেন। আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
মঈন উদ্দিন খান বলেন, প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে এখন ৪৯ জন বৈধ। বৃহস্পতিবার তাদের গেজেট প্রকাশ করা হবে। এখানে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ১১ দলীয় ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্রের একজন।
তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে আদালতের নির্দেশে গ্রহণ করে তা যাচাই করা হবে। এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত হবে।



