জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা আজ সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন, রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সাথে এক সৌজন্যে সাক্ষাতকালে বলেছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎকালে বাংলাদেশ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছে উভয় দেশ।
এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, সড়ক, রেল ও গণপরিবহন খাতে বিদ্যমান সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।
তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের যোগাযোগ অবকাঠামো ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো উন্নয়ন অংশীদারের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল, রেল যোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও জাপান আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। একইসাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো: শাওগাতুল আলম উপস্থিত ছিলেন। বাসস



