সাবেক মন্ত্রী-এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সংসদের প্রচলিত রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম দিনে মরহুম মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

সংসদ প্রতিবেদক

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের প্রথম দিনে এ শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। এতে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পরে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মরহুমদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন এবিএম আশরাফ উদ্দিন নিজান।

শোক প্রস্তাবে সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, সাবেক মন্ত্রী শফিক আহমেদ, আবদুল মতিন, সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, দেওয়ান শামসুল আবেদীন, জিএম ফজলুল হক, সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন ও মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক জানানো হয়।

এছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, সনজীদা খাতুন, মুস্তফা জামান আব্বাসী, বদরুদ্দীন উমর, ডালিয়া নওশীন, আব্দুল কুদ্দুস, আতাউর রহমান, বেগম জেবুন্নেছা, শফিউল বারী বাবু, ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করে।

সংসদের প্রচলিত রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম দিনে মরহুম মন্ত্রী, সংসদ সদস্য এবং দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।