জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন- দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন।
সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সংলাপে অংশগ্রহণকারী ৩০টি দল ও জোটের মধ্যে ২৫টি দল সনদে স্বাক্ষর করে কমিশনের সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার করে।
তবে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা দেখার কথা জানিয়ে সনদে স্বাক্ষর করেনি। দলটি বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে সনদ থেকে বিরত থাকে। এনসিপির মতো আরো চারটি দল একই অবস্থান গ্রহণ করে।
এর আগে, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গত ২২ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের সাথে একটি বৈঠক করে।



