সকলের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ যেন আবারো কখনো কোনো সময়ে ফ্যাসিস্টদের মুখোমুখি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিতদের সমর্থনে জাতিসঙ্ঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারের সদস্যদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক ও এইচআরডিসি।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, সংসদে ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটি স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। যারা ভুক্তভোগী আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অবশ্যই অন্যান্য সংসদ সদস্যদের সাথে কথা বলে সংসদে একটি স্পেশাল পার্লামেন্টারি কমিটি গঠন করার উদ্যোগ নেবেন। আমরা ন্যায়বিচার চাই।
তিনি বলেন, আমাদের প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে। বর্তমান সরকার কিন্তু এই গুম, হত্যা, নির্যাতন ও ক্রসফায়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে গঠিত হয়েছে। অতএব, এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। ডেমোক্রেসির বিউটি হচ্ছে নীতির সাথে বিরোধিতা। অবশ্যই পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্টে সংসদে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন, তাদের মধ্যে নীতির প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম (গঠনমূলক সমালোচনা) ও বিতর্ক থাকবে। তবে আমি একটি আহ্বান জানাব-ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমরা গত ১৭ বছর ধরেই কাঁদছি। তবে এখন আর কান্নার সময় নয়; এখন আমাদের অধিকার আদায়ের সময়, ন্যায়বিচার পাওয়ার সময় এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করার সময়। আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে (জাতীয় মানবাধিকার কমিশন) শক্তিশালী করতে হবে। কেন? যেন ভবিষ্যতে আর কোনো ‘মায়ের ডাক’কে নতুন করে দাঁড়াতে না হয়।



