লেখালেখির ময়দানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলীসহ তিন গুণী লেখককে সম্মাননা প্রদান করেছে দেশের আলেম-উলামা ও ইসলামী চিন্তাধারার লেখকদের সংগঠন ‘জাতীয় লেখক পরিষদ’।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। সেখানেই গুণী লেখকদের বিশেষ এই সম্মাননা প্রদান করে সংগঠনটি।
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট ও অসংখ্য লেখক তৈরির কারিগর মাওলানা লিয়াকত আলীকে এই সম্মাননা দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত অপর দুই গুণী লেখক হলেন- মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী ও মাওলানা মুসা আল হাফিজ। মাওলানা নদভীকে শিশুসাহিত্যে এবং মাওলানা মুসা আল হাফিজকে ইতিহাস ও দর্শনচর্চায় অবদান রাখায় এই সম্মানে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জাতীয় লেখক পরিষদ’র সভাপতি সৈয়দ শামছুল হুদা। পাশাপাশি সেখানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ মাওলানা মনযূর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পরিচালক, ড. ওয়ালীউর রহমান খান আজহারী, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা লাবিব আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা জনাব মাসরুরুল হাসান, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, বিশিষ্ট লেখক মাওলানা কামরুল হাসান রহমানী, লেখক ও এ্যাকটিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, শাঈখ মুহাম্মদ উসমান গনি, বিশিষ্ট লেখক ও আলোচক হাফেজ মাওলানা যুবায়ের আহমদ, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, রুহুল আমীন নগরী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা উবাইদুল্লাহ শাকির, মুফতি জাকির হোসাইন ফরিদী, বিশিষ্ট লেখক ও ক্যালিওগ্রাফার হা মীম কেফায়েত, অ্যাডভোকেট মুফতি আল আমীন, মুফতী আব্দুল কাইয়ুম শেখ, আব্দুল্লাহ আল মামুন আশরাফী, সানাউল্লাহ খান, মুহিব ইমতিয়াজ, কামাল উদ্দীন ফারুকী, সাজ্জাদ শরীফ, মাহমুদুল হক জালিস, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ আল হাসিব।



