চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন। তবে এ সময় পর্যন্ত ১৮ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, আজ পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আট হাজার ৮৫৯ জন যাত্রী।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক দিয়েছে ১৮ হাজার ২১০টি সেবা।
এ বছর মৃত্যুবরণ করা ১৮ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী। মক্কায় মারা গেছেন ১৩ জন এবং মদিনায় পাঁচজন। সর্বশেষ ১৭ মে ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) নামে এক নারী মারা যান।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।



