বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছিলেন, খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে খাল খনন কাজ বন্ধ করে দেয়ায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে কৃষক পরিবার ও খেটে খাওয়া মানুষদের।
শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলি কলেজ অ্যান্ড স্কুলের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা এই এলাকার মানুষের দুঃখ কষ্টের নিরসনের একটি ব্যবস্থা বের করতে চাই। খাল খনন করে পানিবন্দি মানুষের জমিতে ফসল ফলাতে চাই। কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের একমাত্র লক্ষ্য।
জেলা প্রশাসক মো: আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশীদ, যশোর জেলা বিএনপির সভাপতি ও যশোর আদালতের পিপি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
স্বাগত বক্তব্য ও ভবদহ এলাকার বাপাউবো কর্তৃক চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসার পলাশ কুমার ব্যানার্জী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জুলমত আলী ও বিএনপির পাঁজিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হালিম প্রমুখ।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বুড়ুলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করেন।



