সড়ক উপদেষ্টা

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার

‘পুরোনো বাস সরানো হলে অনেক মালিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকারের যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

নয়া দিগন্ত অনলাইন
‘র‌্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান
‘র‌্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান |সংগৃহীত

সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে সরকার বিশেষ রেয়াতি সুদে অর্থ অনুদান দেবে। সব ধরনের গণপরিবহনে দ্রুতই যুক্ত হচ্ছে ‘র‌্যাপিড পাস’ কার্ড।

গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচল করা বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস ব্যবহার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় পাঁচটি বাস প্রদর্শন করে বিআরটিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পুরোনো বাস সরানো হলে অনেক মালিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকারের যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেয়ার বিষয়ে সড়ক যোগাযোগ উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমাদের বাস মালিক-শ্রমিক সকলেই স্বল্পসুদে ঋণ চায়। সড়কের শৃঙ্খলা ফেরাতে বাস মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’ বাসস