রাজধানী ঢাকার লালবাগ থেকে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার লালবাগ থানাধীন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ-সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টা হতে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় চার কোটি আট লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরবর্তী সময়ে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।
তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



