রাজধানী ঢাকার অভ্যন্তরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে মহানগরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট পারমিট ছাড়া বাস চালানো, রাস্তার পাশে কাউন্টার স্থাপন এবং যাত্রী ওঠানামার কারণে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা রাতের সময়ও কমছে না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাসের কার্যক্রম পরিচালনা করা যাবে না- জানিয়ে ডিএমপি বলেছে- শুধু গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এসব বাস চলাচল করতে পারবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড, রুট পারমিট বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।



