পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি, স্বস্তিতে নগরবাসী আজ

অনেকেই আশঙ্কা করেছিলেন, ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে জামাতে নামাজ আদায়, পশু কোরবানি ও রাস্তাঘাটে চলাচল ব্যাহত হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা ছিল বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে পূর্বাভাস থাকা সত্ত্বেও সকালে বৃষ্টি না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নগরবাসী।

ঈদের আগে টানা দু’দিন সকালবেলা মুষলধারে বৃষ্টি নামায় রাজধানীর মানুষ কিছুটা দুশ্চিন্তায় ছিলেন।

অনেকেই আশঙ্কা করেছিলেন, ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে জামাতে নামাজ আদায়, পশু কোরবানি ও রাস্তাঘাটে চলাচল ব্যাহত হতে পারে।

কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কোথাও বৃষ্টি হয়নি। ফলে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ধর্মপ্রাণ মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় ও মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করছেন।

রাজধানীর লালবাগের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘পরপর দুইদিন বৃষ্টি হওয়ায় কিছুটা চিন্তায় ছিলাম। আজ বৃষ্টি না হওয়ায় আত্মীয়দের বাসায় গোশত পৌঁছে দিতে কোনো অসুবিধা হয়নি।’

বৃষ্টি না হওয়ায় রাজধানীর রাস্তাঘাটে স্বাভাবিক চলাচল বজায় রয়েছে। নগরবাসী ঈদের দিনটি কাটাচ্ছেন স্বস্তি ও আনন্দে।