রাজধানীর বনানীর মহাখালী ক্যান্সার হাসপাতালের পিছনে ৯ বছরের এক পথশিশু ধর্ষণে শিকার হয়েছে। সে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভোর রাতে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে বনানী ক্যান্সার হাসপাতালে পেছনে ওইশিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।
তিনি আরো জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি- শিশুটি ফুটপাতে থাকত। রাতে অজ্ঞাত কোনো ব্যক্তি তাকে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটি শারীরিকভাবে গুরুতর আহত হয় ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ঢামেকের ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে।
তিনি জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই।



