এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি ‘জুলাই সনদ’ নিয়ে কিছু দল ও গোষ্ঠী গোলযোগ তৈরি করতে চায়। স্পষ্ট করে বলতে চাই- এই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটি আমাদের দীর্ঘ ১৫-১৬ বছরের সংগ্রামের ফল। বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই এই সংস্কারের ধারাবাহিকতা এসেছে।
আজ রোববার বিকেলে কাকরাইল আর্চবিশপে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘স্টার সানডে’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না; আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করে নতুন সময়ে প্রবেশ করেছি। এই সময় আমাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাই- এটাই আমাদের লক্ষ্য।
মির্জা ফখরুল বলেন, নিজেকে একজন লিবারেল ডেমোক্র্যাট হিসেবে বিশ্বাস করি এবং এই বিশ্বাস রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। বিশ্বাস করি, এই পথেই বাংলাদেশের মুক্তি আসবে।



