শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

‘আওয়ামী আমলের মতো পরীক্ষা এ দেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুইটা কলম থাকতো। একটা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত।’

নয়া দিগন্ত অনলাইন
কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী
কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী |সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন।

এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। আপনারা শিক্ষকরা যদি একজন ছাত্রকেও মানুষের মতো মানুষ বানাতে পারেন সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এজন্য আপনাদের জন্য এটা এবাদতখানা।

নকল বন্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী আমলের মতো পরীক্ষা এ দেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে দুইটা কলম থাকতো। একটা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো। এখন থেকে তা বন্ধ। আগামী পরীক্ষা হবে নকলমুক্ত।

মন্ত্রী বলেন, সামনে এসএসসি পরীক্ষা। প্রতিটা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। শুধু পরীক্ষার সময়ই না, প্রতিটা প্রতিষ্ঠান সার্বক্ষণিকভাবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

পরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সাথে পৃথক মতবিনিময় করেন। বাসস