নির্বাচনের মাঠে বিভিন্ন ধরনের সংঘর্ষ ও ঘটনার ব্যাপারে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের সাথে বৈঠক করেছেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বৈঠক করেন তারা।
বেঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, যেখানে জামায়াতের প্রার্থীদের অবস্থান ভালো, সেখানে ইসি সিসিটিভি বেশি দিয়েছে। আর যেখানে অন্য একটি দলের অবস্থা খারাপ, সেখানে সিসি ক্যামেরা কম। এটা একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় জায়ায়াতকে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এসব বানোয়াট।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে কমিশনার ও ইসি সচিবও উপস্থিত আছেন। আরো আছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সাবেক উপদেষ্টা ও এনসিপির নির্বাচনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুইয়া, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি ও অর্থ সম্পাদক ফজলুর রহমান, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঢাকা উত্তরের সেক্রেটারি এম আবদুল ওয়াজেদ, এলডিপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যক্ষ এম মাহবুবুর রহমান এবং এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলফাত হোসাইন।



