পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব নেদারল্যান্ডসের

প্রতিনিধিদল জানায়, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা দিতে আগ্রহী নেদারল্যান্ডস।

নয়া দিগন্ত অনলাইন
দেশির পানি ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সাথে পানিসম্পদ মন্ত্রণালয়ের  বৈঠক অনুষ্ঠিত
দেশির পানি ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সাথে পানিসম্পদ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত |সংগৃহীত

বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ লক্ষ্যে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভান বোমেল, দূতাবাসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং পানি বিষয়ক প্রতিনিধি নিল্টজি কিলেন অংশ নেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পানি সম্পদ উন্নয়নে দেশটির বিশেষায়িত জ্ঞান, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিদল জানায়, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা দিতে আগ্রহী নেদারল্যান্ডস।

বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৯ সালের এপ্রিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেদারল্যান্ডস সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার উদ্যোগে নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা আরো জোরদার করা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।