হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) ধারাবাহিক তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশী মদ আটক করা হয়েছে।
তিন অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশী সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং এক লিটার বিদেশী মদ। পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য এক কোটি ৭৮ লাখ ছয় হাজার ৮৬০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত ইকে৫৮২ ও ইকে৫৮২৬ ফ্লাইটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, নয় কেজি নিষিদ্ধ ক্রিম এবং এক লিটার বিদেশী মদ আটক করা হয়।
আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ছয় লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশী মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০ শতাংশ হারে শুল্ক-কর এক লাখ ২২ হাজার ৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা।
এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
এ-শিফটের দ্বিতীয় অভিযান
গত ১১ আগস্ট দুবাই থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির এ-শিফট। বিভিন্ন যাত্রীর কাছ থেকে আটক করা হয় ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য সাত লাখ ১৬ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ দুই হাজার ৩৬০ টাকা।
ফরেন পোস্ট অফিসে বিশাল চালান
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে একসাথে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়েছে। শুধু এই চালানটিরই আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং যাত্রী ও কার্গো/পার্সেল পর্যায়ে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে। বাসস



