বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে তার দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বিদ্যমান দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে চীনের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন স্থান, বিশেষ করে কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে যৌথভাবে কাজ করার ওপর আগ্রহ প্রকাশ করেন তারা। বাসস



