গেজেট থেকে বাদ পড়লেন আরো ১২ জুলাই যোদ্ধা

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় জুলাই যোদ্ধাদের তালিকা থেকে এদের বাদ দেয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত ১২ জনের নাম বাতিল করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর ১১(৪) ধারা এবং রুলস অফ বিজনেস ১৯৯৬–এর সিডিউল-১ অনুযায়ী দেয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে।

কেন এই ১২ জনের ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করা হয়েছে- সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছুই জানানো হয়নি। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় জুলাই যোদ্ধাদের তালিকা থেকে এদের বাদ দেয়া হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ ক্যাটাগরি ‘গ’-এর আওতাভুক্ত ছিলেন। তাদের মধ্যে রংপুর বিভাগে দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগে চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুর জেলার যাদের গেজেট বাতিল হয়েছে তারা হলেন তাসফিয়াহ রিফা, মো: আসাদুজ্জামান নূর, মো: সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা।

চাঁদপুর জেলার তালিকায় রয়েছেন মো: কামরুল হাসান রাব্বি, মো: রায়হান, মো: ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো: আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে প্রতিটি ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ২৯ অক্টোবর মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ও দু’বার নাম থাকায় ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : ইউএনবি