সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদরাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

সংবিধান সংস্কার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ অনুযায়ী গণভোটকে সামনে রেখে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় প্রচারণার নির্দেশ দিয়েছে মাউশি ও মাদরাসা শিক্ষা অধিদফতর।

নয়া দিগন্ত অনলাইন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং মাদরাসা শিক্ষা অধিদফতরের লোগো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং মাদরাসা শিক্ষা অধিদফতরের লোগো |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

এই ঐতিহাসিক গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ও মাদরাসায় শিক্ষা অধিদফতর।

একই সাথে দুই অধিদফতরের আওতাধীন সকল শিক্ষা দফতরগুলোকেও এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এবং মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে জারিকৃত পৃথক নির্দেশনায় জানানো হয়েছে, দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। একই সাথে সরকারি সকল যোগাযোগ ও দাফতরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে।

মাউশি ও মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে পৃথক চিঠি দু’টি গতকাল সোমবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা দফতরে পাঠানো হয়েছে।

গত ১২ জানুয়ারি মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো: খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের নির্ধারিত ‘লোগো’ ব্যবহার করতে হবে।

এছাড়া অধিদফতরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও দফতরে অন্তত দু’টি করে খাড়া ব্যানার প্রতিষ্ঠানের সম্মুখভাগে দৃশ্যমান স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, একই তারিখে মাদরাসা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত নির্দেশনার এক চিঠিতে বলা হয়েছে, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এই প্রচারণা চালাতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জুলাই জাতীয় সনদ ২০২৫-এ উল্লিখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নিতে এই গণভোট অনুষ্ঠিত হবে।

সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের মেয়াদ সীমা, জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ ভূমিকা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

সচেতনতামূলক ব্যানারে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, ‘পরিবর্তনের চাবি এবার আপনার হাতে।’

সূত্র : বাসস