রাষ্ট্রপতি নির্বাচন

কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন ভবনে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন সিইসি
নির্বাচন ভবনে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন সিইসি |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধতা ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

দুপুর ১২টায় যাচাই-বাছাই করা হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র।

আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

ঘোষণার পরে ঢাকা-১৬ আসনের ১১ দলীয় জোট-সমর্থিত সংসদ সদস্য কর্নেল (অব.) মো: আব্দুল বাতেন বলেন, ‘মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে যে নির্বাচন, সেদিনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না।’

তিনি আরো বলেন, প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০-৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি। এটার প্রস্তাবক ছিলেন জামায়াত আমির এবং সমর্থক ছিলেন এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন।