প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন

নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয় এবং এর মাধ্যমে আগামী প্রজন্মও স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন
সাংবাদিকদের সাথে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন |ইন্টারনেট

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলাকে নির্ধারণ করেছি। এই ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সার্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ইনশা আল্লাহ, ১০ মার্চ একযোগে এই ১৪ উপজেলায় কার্যক্রমটি শুরু হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা সময় বাংলাদেশের যারা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত- এই তিন শ্রেণির সুবিধাভোগী আমাদের যে মা আছেন, তারাই এটার সুবিধা পাবেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা: জাহিদ বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয় এবং এর মাধ্যমে আগামী প্রজন্মও স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের ওপর কাজ করেছেন। আজ তার সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে ইনশা আল্লাহ দুই হাজার পাঁচ শ’ত (২৫০০) টাকা করে আর্থিক সহায়তা পাবেন।