ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম, সাময়িক স্থগিত সংলাপ

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে জরুরি ফায়ার অ্যালার্ম বাজায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে।

অনলাইন প্রতিবেদক
ফরেন সার্ভিস একাডেমি
ফরেন সার্ভিস একাডেমি |সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করে জরুরি ফায়ার অ্যালার্ম বাজায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক স্থগিত করা হয়েছে।

সোমবার ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে চলে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। দুপুর ১২টা ১৫ মিনিটের পরে হঠাৎ করে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। যাতে উৎকণ্ঠিত হয়ে পড়েন সংলাপে অংশ নেয়া সকলে।

অ্যালার্ম বাজার কিছুক্ষণ পরে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদেরকে কিছু সময়ের জন্য বের হতে হবে।

এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।’

নেতারা মূল ভবন ছেড়ে বের হয়ে যায়। তবে ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়। ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ঘটনার কারণ খুঁজতে দেখা গেছে।