নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদী কর্মীদের সহায়তায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী দেশে মোট নদীর সংখ্যা এক হাজার ৪১৫টি।
তিনি বলেন, ২০২৫ সালের ১৪ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো: কামরুল হাসানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
রবিউল আলম জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থমূলক রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর আদেশের পরিপ্রেক্ষিতে দেশের নদ-নদীর অবৈধ দখলরোধ, দূষণরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকল্পে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ প্রণয়ন করা হয়।
হাইকোর্ট রিট পিটিশন নং ১৩৯৮৯/২০১৬ এর আদেশে জাতীয় নদী রক্ষা কমিশনকে নদ-নদীর আইনগত অভিভাবক ঘোষণা করে এবং বিদ্যমান আইনে এনফোর্সমেন্ট ক্ষমতা না থাকায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে বিদ্যমান আইন সংশোধনের নির্দেশনা প্রদান করে। নদীর স্বার্থ-রক্ষা এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
নৌপরিবহন মন্ত্রী আরো জানান, প্রস্তাবিত আইনে নদ-নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, পৃথক নদী আদালত প্রতিষ্ঠা, নদী দখল সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত ও অনুসন্ধান, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তা তদারকির বিধান রাখা হয়েছে।
সূত্র : বাসস



