বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত

সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ

আজ দ্বীপটির ১০০টি ভুক্তভোগী পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ |সংগৃহীত

সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে মূল ভূখণ্ডের সাথে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় তীব্র সঙ্কটে পড়েছেন সেন্টমার্টিনের বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র অভাব দেখা দেয়া এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১০ জুলাই) দ্বীপটির ১০০টি ভুক্তভোগী পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সঙ্কটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সাথে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগ ও সঙ্কটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।